দেশজুড়ে

অবৈধ ফিস ও পোল্টি ফিড প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

বিএসটিআইয়ের লাইসেন্স (মান সনদ) গ্রহণ না করে অবৈধভাবে ফিস ফিড ও পোল্ট্রি ফিড উৎপাদন ও বিক্রির অপরাধে গাজীপুরে দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ জুলাই)  বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে  এ অভিযান পরিচালিত হয়।

বিএসটিআই জানায়, অভিযানে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় অবস্থিত জাপফা কমফিড বাংলাদেশ পিইটি লিঃ-এ তল্লাশি চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স ও পণ্যমোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পোল্ট্রি ফিড বিক্রয় ও বিতরণ করছে। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে উপজেলার ভান্নারা এলাকায় অবস্থিত কৃষিপণ্য ফিডস লিঃ-এ তল্লাশি চালিয়ে বিএসটিআইয়ের লাইসেন্স ও পণ্যমোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পোল্ট্রি ও ফিশ ফিড উৎপাদন ও বাজারজাত এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বস্তায় পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে একই আইনে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার মোঃ খালেদ হোসেন, প্রকৌশলী অর্ণব চক্রবর্তী, এবং পরিদর্শক প্রকৌশলী মহিউদ্দীন ওয়ারেছী। অভিযানে সহযোগিতা করে গাজীপুর জেলা পুলিশ।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএসটিআই