সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভি ও দৈনিক আমার দেশ-এর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার স্ত্রী শাপলা আহমেদ।
তিনি অভিযোগ করেন, তার স্বামীর পা কেটে ফেলার এবং ছেলে শাফিন আহমেদ জিসানকে তুলে নিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও শ্লীলতাহানিকর মন্তব্য করা হয়েছে।
এ সময় তিনি বলেন, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু তার ছেলে শাফিন আহমেদ জিসানকে ফোন করে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেন। এ ঘটনার একটি কল রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শাপলা আহমেদ দাবি করেন, সম্প্রতি সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট এবং তা ঘিরে তার ছেলের প্রতিক্রিয়ার জেরে এ বিরোধের সৃষ্টি হয়। এরপর থেকেই তাদের পরিবারকে লক্ষ্য করে হুমকি, অপপ্রচার ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করায় একটি প্রভাবশালী মহল তার স্বামীকে নানাভাবে হয়রানি করছে। ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে এবং নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযুক্ত ছানোয়ার হোসেন সানু, তার ভাই সনি আহমেদ শামীমসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে শরীফুল ইসলাম ইন্না ও তার পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি আরও জানান, এর আগে পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সংশ্লিষ্ট প্রশাসন এবং জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দাবি পূরণ না হলে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে সিরাজগঞ্জ শহরের স্বাধীনতা স্কয়ারে আমরণ অনশনে বসবেন।
এ সময় তিনি সাংবাদিক সমাজ, মানবাধিকার সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাফিন আহমেদ জিসানের দাদি ও সাবেক কাউন্সিলর বেগম খালেদা মান্নান, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাসহ পরিবারের অন্যান্য সদস্যরা।