দেশজুড়ে

বিয়ের ১৬ দিনের মাথায় ট্রাকের চাপায় প্রাণ গেলো প্রবাসীর, হাসপাতালে নববধূ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৌদি প্রবাসী মো. ইয়ামিন ভূইয়া (৩০)। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার নববধূ সুমা আক্তার। নিহত ইয়ামিন ভূইয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের মো. আবুল বাশারের ছেলে। আহত সুমা আক্তার পাশের মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই মাস আগে ইয়ামিন সৌদি আরবে অবস্থানকালে মুঠোফোনে তাদের বিয়ে সম্পন্ন হয়। দেশে ফেরার পর গত ১৭ জুলাই আনুষ্ঠানিকভাবে সুমাকে ঘরে তোলেন তিনি। নতুন সংসারের আনন্দের মধ্যেই সোমবার বিকেলে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে অটোরিকশাযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ভাদুঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ইয়ামিন ও সুমা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। আহত সুমাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি মো. শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাহ্মণবাড়িয়া