দেশজুড়ে

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে হবিগঞ্জে বিজিবি মোতায়েন

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। প্রশাসন জনসাধারণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে চলাচলের আহ্বান জানিয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। একই সময়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাল্টা কর্মসূচিও থাকায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

জেলা প্রশাসক ও হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সফররাজ জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে টহল দেবে।

হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ জানান, পুলিশের পাশাপাশি বিজিবিও দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা রক্ষায় সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবি মোতায়েনের পর শহরের শায়েস্তানগর, কোর্ট স্টেশন, পুরাতন হাসপাতাল মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে জনশৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #হবিগঞ্জ #বিজিবি