পাবনার আটঘরিয়া উপজেলায় গীতা রানী (৪৫) নামে এক স্কুল শিক্ষিকাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত গীতা রানী ওই গ্রামের নন্দ দাসের স্ত্রী এবং চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া (হিন্দুপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, গীতা রানী বাড়িতে একাই বসবাস করতেন। তার স্বামী কর্মসূত্রে ঢাকায় থাকেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরের দিকে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। এ সময় গীতা রানী বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহ গোপন করতে বাড়ির পাশের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ওসি নাজমুল হক জানান, প্রাথমিকভাবে এটি শ্বাসরোধে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।