আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নৌ প্রতিরক্ষা জোট গঠন

আন্তর্জাতিক ডেস্ক

বাব আল-মানদেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৪টি দেশকে নিয়ে নতুন একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে গঠিত এই জোটের মূল লক্ষ্য কৌশলগত গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা জোরদার, আন্তর্জাতিক বাণিজ্য রুটের সুরক্ষা এবং জ্বালানি পরিবহনের ধারাবাহিকতা বজায় রাখা।

ভারত মহাসাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করা বাব আল-মানদেব-লোহিত সাগর-এডেন উপসাগর করিডোরকে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে বিবেচনা করা হয়।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই এই জোট গঠনের ঘোষণা এলো।

সৌদি আরব জানিয়েছে, জোট গঠনসংক্রান্ত বৈঠকে আমন্ত্রিত ৫১টি দেশের মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধি অংশ নেন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তবে ইইউর বিদ্যমান অ্যাসপিডেস নৌ নিরাপত্তা মিশনের সঙ্গে নতুন জোটের কার্যক্রম কীভাবে সমন্বয় করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

নতুন জোটের সদস্য দেশগুলো হলো—সৌদি আরব, বাংলাদেশ, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কোমোরোস।

তবে আঞ্চলিক ঝুঁকিতে থাকা গুরুত্বপূর্ণ দুই দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমান এই জোটে যোগ দেয়নি। 

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সদস্য দেশগুলোর জাতীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভবিষ্যতে অন্যান্য দেশও এই জোটে যোগ দেওয়ার সুযোগ পাবে।

বিবৃতিতে আরও বলা হয়, সামুদ্রিক নিরাপত্তা একটি যৌথ দায়িত্ব। তাই আন্তঃরাষ্ট্রীয় সমুদ্র-হুমকি মোকাবিলায় সদস্য দেশগুলো গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ পরিকল্পনা, সামরিক মহড়া এবং প্রয়োজনীয় নৌ-অভিযান পরিচালনায় একসঙ্গে কাজ করবে।

তবে সৌদি আরব স্পষ্ট করেছে, এই জোট সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে গঠন করা হয়েছে এবং এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে পরিচালিত নয়।

সূত্র: আলজাজিরা

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সৌদি #ইরান