দেশজুড়ে

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৭

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে জামালপুরগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি বাস রক্তিপাড়া ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।

ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত ১৮ জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #টাঙ্গাইল #সড়ক দুর্ঘটনা #দুর্ঘটনা