গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আকাশ ওরফে ‘পিচ্চি আকাশ’ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কালিয়াকৈরের হরতকিতলা এলাকার একটি জঙ্গল থেকে ডাকাতিতে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) ময়মসিংহের জামালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কালিয়াকৈর থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পিচ্চি আকাশকে গ্রেপ্তারের পর কালিয়াকৈর থানাধীন হরতকিতলা এলাকার একটি জঙ্গলে অভিযান চালানো হয়। সেখানে লুকিয়ে রাখা একটি বাজারের ব্যাগের ভেতর থেকে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করে পুলিশ।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি লোহার হাসুয়া, একটি লোহার চাপাতি, একটি কাঠের গোল লাঠি ও একটি লোহার পাইপ। অস্ত্রগুলো জঙ্গলের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, পিচ্চি আকাশের বিরুদ্ধে দস্যুতা, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তিনি কালিয়াকৈরের বিভিন্ন মিল-ফ্যাক্টরিতে চাঁদা দাবি করতেন এবং বিভিন্ন এলাকায় ডাকাতিসহ নানা অপকর্মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া কালিয়াকৈর উপজেলার বিভিন্ন বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কালিয়াকৈর থানায় দায়ের করা ডাকাতি ও ছিনতাই মামলার দুই নম্বর আসামি হিসেবেও তার নাম রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ওসি শহিদুল ইসলাম বলেন, “এই পিচ্চি আকাশ কালিয়াকৈরের বিভিন্ন মানুষের আতঙ্ক ছিল। বিভিন্ন মিল-ফ্যাক্টরিতে চাঁদা দাবি ও বিভিন্ন জায়গায় ডাকাতিসহ নানা অপকর্ম করত সে। তাকে গ্রেপ্তার করার পর কালিয়াকৈরে স্বস্তি ফিরে এসেছে।”
আই/এ