আন্তর্জাতিক

নতুন রোডম্যাপ ইসরাইলকে গাজা থেকে সরে যেতে চাপ বাড়াবে: সাবেক মার্কিন কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরাইলি বাহিনীর ধাপে ধাপে প্রত্যাহারের প্রস্তাব থাকা নতুন রোডম্যাপ ইসরাইলের ওপর নতুন করে চাপ সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্ক ফাইফেল।

শনিবার (০১ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মার্ক ফাইফেলের মতে, ইসরাইল দীর্ঘদিন ধরে নিরাপত্তা হুমকি ও চ্যালেঞ্জের কথা বলে এলেও গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর কোনো পরিকল্পনা উপস্থাপন করতে পারেনি।

তিনি বলেন, “গাজায় দীর্ঘমেয়াদে কীভাবে শান্তি নিশ্চিত করা হবে, সে বিষয়ে এখন ইসরাইলকে বাস্তবসম্মত একটি রূপরেখা দিতে হবে।”

ফাইফেল জানান, নতুন রোডম্যাপ অনুযায়ী হামাসকে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের সুড়ঙ্গ নেটওয়ার্ক নিষ্ক্রিয় করতে হবে এবং অস্ত্র ব্যবস্থাপনার একটি কাঠামো তৈরি করতে হবে। ওই প্রক্রিয়া সম্পন্ন হলে ইসরাইলকেও গাজার দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে।

তার মতে, যুক্তরাষ্ট্র কূটনৈতিক চাপের পাশাপাশি সামরিক সহায়তাকেও প্রভাবের হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইসরাইলকে চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে উৎসাহিত বা বাধ্য করতে পারে।

ফাইফেল আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্রের সংখ্যা আগের তুলনায় কমে এসেছে, যা দেশটির ওপর কূটনৈতিক চাপ আরও বাড়াতে পারে।

নতুন রোডম্যাপ ঘোষণার পরও গাজায় ইসরাইলের সাম্প্রতিক হামলার বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্ভবত ইঙ্গিত দিচ্ছেন যে তিনি এখনই এই প্রস্তাবিত কাঠামো পুরোপুরি গ্রহণে প্রস্তুত নন।

তিনি আরও বলেন, “নেতানিয়াহু হয়তো বোঝাতে চাইছেন, এই কাঠামোর কিছু বিষয়ে তার এখনও আপত্তি রয়েছে।”

ফাইফেল বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের লক্ষ্য হলো একটি কূটনৈতিক কাঠামো তৈরি করে উভয় পক্ষকে সমঝোতার দিকে এগিয়ে নিতে চাপ সৃষ্টি করা।

তবে তিনি সতর্ক করে বলেন, ইসরাইল বা হামাস—যেকোনো পক্ষ যদি এই প্রক্রিয়ায় বাধা দেয়, তাহলে পুরো শান্তি উদ্যোগ ব্যর্থ হওয়ার ঝুঁকি থাকবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #হামাস #ইসরাইল #ফিলিস্তিন