বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে কোনোভাবেই অনুপ্রবেশকারী বলা যাবে না; তারা শরণার্থী। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শনিবার (০১ আগস্ট) ডিজিটাল জনগণনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্ধারিত বিধান অনুযায়ী ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা জীবন বাঁচাতে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নেওয়া এসব সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে কোনো আইনি মামলা করা যাবে না। তাদের হয়রানি করতেও পারবে না পুলিশ।
শুভেন্দু অধিকারী বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী এই ব্যক্তিরা শরণার্থী হিসেবে বিবেচিত হবেন, অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে নয়।
অন্যদিকে, অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আইন অনুযায়ী যাচাই-বাছাই শেষে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এ ক্ষেত্রে সব ধরনের আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হবে।
তিনি আরও বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের ভরণপোষণ বা তাদের দায়িত্ব নেওয়া ভারতের কোনো নৈতিক বা সাংবিধানিক বাধ্যবাধকতা নয়।
এমএ//