দেশজুড়ে

ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

বায়ান্ন প্রতিবেদন

ঘরের পাশে রাখা বালুভর্তি একটি বস্তার ভেতরে হঠাৎ বিস্ফোরণে বরিশালের বাকেরগঞ্জে নারী ও শিশুসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (০৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে শাহ আলম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, বিকট শব্দে বিস্ফোরণের পর শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম আগুনে দগ্ধ হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে।

আহতদের স্বজনরা জানান, বালুভর্তি বস্তার ভেতরে থাকা একটি অজ্ঞাত বিস্ফোরক থেকে বিস্ফোরণের পর তিনজনের শরীরে আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে তারা ঘরের সামনে থাকা তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শাহ আলম হাওলাদারের ছেলে জামাল বলেন, বালুর বস্তার মধ্যে বোমাসদৃশ একটি বস্তু ছিল, সেটি বিস্ফোরিত হওয়ার পর তার মা, বোন ও ভাগ্নে দগ্ধ হন। তবে ওই বিস্ফোরকটি কীভাবে সেখানে এলো, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই।

খবর পেয়ে বাকেরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, বিস্ফোরকটি বোমা ছিল কি না, তা এখনো আইনশৃঙ্খলা বাহিনী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বরিশাল #বালুভর্তি বস্তা