জাতীয়

ত্বক ফর্সাকারী ৮টি ক্রিমে মিলেছে ভয়াবহ মাত্রায় মার্কারি

বায়ান্ন প্রতিবেদন

দেশের বাজারে বিক্রি হওয়া আটটি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রায় মার্কারি (পারদ) শনাক্ত করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এসব পণ্য বিক্রি, বিতরণ ও মজুদ না করার পাশাপাশি ব্যবহার থেকেও বিরত থাকার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (০৪ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, বাজার থেকে সংগ্রহ করা বিভিন্ন ব্র্যান্ডের স্কিন হোয়াইটেনিং ক্রিম পরীক্ষার পর বাংলাদেশ মান (বিডিএস-১৩৮২) অনুযায়ী নির্ধারিত সর্বোচ্চ ১ পিপিএমের পরিবর্তে কয়েকটি পণ্যে বহু গুণ বেশি মার্কারির উপস্থিতি পাওয়া গেছে।

পরীক্ষার ফলাফলে দেখা যায়, পাকিস্তানের এস.জে. এন্টারপ্রাইজের চাঁদনি হোয়াইটেনিং ক্রিমে ১২০ দশমিক ৩৯ পিপিএম, কিউসিআই কোম্পানির নিউ ফেস বিউটি ক্রিমে ৪৪ দশমিক ৭২ পিপিএম, লোয়া ইন্টারন্যাশনালের নাভিয়া বিউটি ক্রিমে ৫৯ দশমিক ৮২ পিপিএম এবং নাভিয়া হোয়াইটেনিং ক্রিমে ৭৯ দশমিক ৭০ পিপিএম মার্কারি শনাক্ত হয়েছে।

এ ছাড়া পাকিস্তানের নুর এন্টারপ্রাইজের নুর হোয়াইটেনিং ক্রিমে ৮২ দশমিক ৭৬ পিপিএম, ক্রিয়েটিভ কসমেটিকসের ডিউ বিউটি ক্রিমে ১২৩ দশমিক ৩৭ পিপিএম, গৌরি কসমেটিকস প্রাইভেট লিমিটেডের গৌরি বিউটি ক্রিমে ৫৬ দশমিক ৯৩ পিপিএম এবং চীনের জিএলডিজেবি (হারবিন) কসমেটিকস কোং লিমিটেডের ন্যাচারাল পার্ল স্কিন ক্রিমে ৬৭ দশমিক ৪৯ পিপিএম মার্কারি পাওয়া গেছে।

বিএসটিআই জানিয়েছে, দেশে বিক্রি হওয়া অনেক ত্বক ফর্সাকারী ক্রিম বৈধভাবে আমদানি করা হয় না। লাগেজ বা বিভিন্ন অবৈধ উপায়ে এসব পণ্য দেশে প্রবেশ করায় সেগুলোর মান ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় না।

বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক জানান, জনস্বাস্থ্যের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। ক্ষতিকর উপাদানযুক্ত প্রসাধনী উৎপাদন, আমদানি কিংবা বাজারজাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বাজার নিরাপদ রাখতে নিয়মিত নমুনা সংগ্রহ, পরীক্ষাগারে বিশ্লেষণ, বাজার তদারকি, মোবাইল কোর্ট পরিচালনা এবং সার্ভিল্যান্স কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

সংস্থাটি ভোক্তাদের অজ্ঞাত বা অনুমোদনবিহীন ত্বক ফর্সাকারী ক্রিম কেনা ও ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি প্রসাধনী কেনার আগে বিএসটিআইয়ের অনুমোদন এবং পণ্যের বৈধতা যাচাই করার আহ্বান জানানো হয়েছে। কোনো সন্দেহজনক পণ্যের তথ্য পাওয়া গেলে তা বিএসটিআইকে জানানোরও অনুরোধ করা হয়েছে।

বিএসটিআই সতর্ক করে জানিয়েছে, দীর্ঘদিন মার্কারিযুক্ত স্কিন ক্রিম ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক সুরক্ষা নষ্ট হতে পারে। পাশাপাশি ত্বক পাতলা হয়ে যাওয়া, স্থায়ী দাগ, অ্যালার্জি, কিডনির ক্ষতি এবং স্নায়ুতন্ত্রের জটিলতাসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। গর্ভবতী নারীদের ক্ষেত্রে অনাগত শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #পারদ #মার্কারি #ত্বক ফর্সাকারী ক্রিম