রাজধানীর শেরেবাংলা নগরে নির্মিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর এর বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জাদুঘরে সংরক্ষিত একটি লাল টেলিফোনের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ড করা একটি বিতর্কিত ফোনালাপও শোনেন তিনি।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই স্মৃতি জাদুঘর আগামী প্রজন্মের সামনে বিতাড়িত ফ্যাসিস্টদের প্রকৃত চেহারা তুলে ধরবে।
তার মতে, সংগ্রাম, আত্মত্যাগ ও বীরত্বের ইতিহাস জাতীয় স্মৃতিতে সংরক্ষণের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক উদ্যোগ। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে গুম ও হত্যাকে স্বাভাবিক ঘটনায় পরিণত করা হয়েছিল।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জুলাই গণ-অভ্যুত্থানের আলোকচিত্র, সংগ্রহে থাকা স্মারক, গুরুত্বপূর্ণ দলিলপত্র এবং শহীদদের স্মৃতিচিহ্ন পরিদর্শন করেন। একপর্যায়ে গ্যালারিতে সংরক্ষিত লাল টেলিফোনে শেখ হাসিনার কথোপকথনের অডিও রেকর্ডও শোনেন তিনি।
জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে জুলাই আন্দোলন ও গণ-অভ্যুত্থানের বিভিন্ন ধাপ, ছাত্র-জনতার আত্মত্যাগ এবং সে সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে। প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রী জাদুঘরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও গবেষকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসি//