সাভারে পুলিশের ধাওয়ায় বাড়ির ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২৯) নামে এক ছাত্রদল নেতা নিহতের অভিযোগ উঠেছে। নিহত মনোয়ারুল সাভারের বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রের গার্ড জাফরের ছেলে এবং সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) দিবাগত রাত ১ টার দিকে সাভারের বিপিএটিসি স্টাফ কোয়ার্টারের একটি ভবনের ৫ম তলা ছাদ থেকে পড়ে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন।
পুলিশ জানায়, রংপুর জেলার পীরগঞ্জ থানা থেকে প্রেমের সম্পর্কের জেরে শাহারিয়ার কবির সৌমি নামে এক ছেলে মিম নামের একটি মেয়েকে নিয়ে সাভারে মনোয়ারুল হোসেন বকশী বাসায় পালিয়ে আসে। নিহত মনোয়ারুল ও শাহারিয়ার কবির সম্পর্কে মামা ভাগ্নে।
এ ঘটনায় মেয়ের পরিবার পীরগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করলে পীরগঞ্জ থানা পুলিশসহ সাভার মডেল থানার পুলিশের একটি টিম নিহত মনোয়ারুলের বাসায় অভিযান চালায়। পুলিশের অভিযানের পূর্বেই ভাগ্নে ও তার প্রেমিকা এর আগেই ওই বাসা থেকে চলে যায়।
পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে মামা মনোয়ারুল ছাদে পালাতে যান। এসময় পুলিশও তার পিছু নিয়ে ছাদে খুঁজতে যায়। এরপর হঠাৎ মনোয়ারুল হোসেন বকশী পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান।
প্রতিবেশী রাসেল মনি জানান, রাতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে শাহারিয়ার কবির ও তার প্রেমিকাকে না পেয়ে মনোয়ারুল হোসেন বকশীকে ধাওয়া করেন। পুলিশের ধাওয়া খেয়ে মনোয়ারুল ছাদ থেকে পড়ে গেলে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছাদ থেকে পড়ার পর পরই উপস্থিত পুলিশরাও ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ওসি সাইফুল আলম জানান, পীরগঞ্জ থানা পুলিশ রাতে আসামি ধরার জন্য সাভারে এসেছিল। পরে আমাদের অবহিত করলে আমাদের থানা পুলিশের একটি টিমও সঙ্গে গিয়েছিল।
তিনি আরও জানান, পীরগঞ্জ থানা পুলিশ ভবনের ভিতরে আসামি ধরতে গেলে এক যুবক ছাদ থেকে পড়ে নিহত হয়। সাভার মডেল থানা পুলিশ ভবনের নিচে অবস্থান করছিল। এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আর/আই