কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যুর ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ফরিদ (৪৫)। তিনি প্যারাসেইলিং পরিচালনাকারী প্রতিষ্ঠান ফ্লাই সি এয়ারের মালিক। এর আগে গত শনিবার প্যারাসেইলিং থেকে ছিটকে অক্ষর সৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যুর ঘটনাটি ঘটে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ঢাকার মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (৭ আগস্ট) র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (গণমাধ্যম ও আইন) আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১৫ ও র্যাব-৪-এর যৌথ দল মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকার আজাদ মিনি মার্কেটে অভিযান চালিয়ে ফরিদকে গ্রেপ্তার করে। সেখানে তিনি আত্মগোপনে ছিলেন। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ফরিদ দীর্ঘদিন ধরে দরিয়ানগর সৈকতে ফ্লাই সি এয়ার প্যারাসেইলিং পরিচালনা করে আসছেন। গত ১০ বছরে ফরিদের পরিচালিত প্যারাসেইলিং থেকে বেশ কয়েকজন পর্যটক দুর্ঘটনার শিকার হয়েছেন। সবশেষ দুর্ঘটনায়, প্রথম তার প্রতিষ্ঠানে প্যারাসেইলিং করতে গিয়ে একজন পর্যটকের মৃত্যু হলো।
উল্লেখ্য, খুলনা থেকে ৯ জনের একটি দল দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার জন্য গিয়েছিল। জনপ্রতি দুই হাজার টাকা দিয়ে টিকিট কেটে কয়েকজন আকাশে ওড়ার প্রস্তুতি নেন। প্রথম দফায় সৌভিক প্যারাসেইলিংয়ে উঠলে যান্ত্রিক ত্রুটির কারণে ছিটকে সমুদ্রে পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আর/আই