সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার আরও মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। বাবাকে এমন কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যেতে দেখাটা পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক বলেও উল্লেখ করেন তিনি।
সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বাবার শারীরিক অবস্থার এই অবনতির কথা প্রকাশ করেন।
প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর গত বছরের মে মাসে জো বাইডেন নিজেই ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি জানান। সে সময় জানা যায়, তার ক্যানসার বেশ আক্রমণাত্মক প্রকৃতির এবং তা ইতোমধ্যেই হাড় পর্যন্ত পৌঁছে গেছে।
এরপর থেকেই তিনি রেডিয়েশন ও হরমোন থেরাপির মতো চিকিৎসা চালিয়ে আসছিলেন। গত মাসে নিজের আত্মজীবনী প্রকাশের সময় ৮৩ বছর বয়সী বাইডেন আশাবাদ ব্যক্ত করেছিলেন যে তার চিকিৎসা ইতিবাচকভাবেই এগোচ্ছে। তবে হান্টার বাইডেনের সাম্প্রতিক সাক্ষাৎকার অনুযায়ী, চিকিৎসাধীন থাকা সত্ত্বেও ক্যানসার তার শরীরে আরও বেশি বিস্তার লাভ করেছে।
বিবিসি নিউজনাইটকে দেওয়া ওই দীর্ঘ সাক্ষাৎকারে আবেগপ্রবণ হয়ে পড়েন হান্টার। তিনি জানান, অসুস্থতা বেশ কষ্টদায়ক ও শারীরিক দুর্বলতা তৈরি করলেও তার বাবা এখনো নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন এবং দেশের ভবিষ্যৎ নিয়ে দারুণ আশাবাদী।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা জো বাইডেনের বয়স ও স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা-সমালোচনা চলছিল। এর মধ্যেই ২০২৪ সালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদের লড়াইয়ে নামলেও জুন মাসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে তার দুর্বল পারফরম্যান্স রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দেয়।
পরবর্তীতে দলের ভেতরে প্রবল চাপের মুখে তিনি নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। তার স্থলাভিষিক্ত হওয়া কমলা হ্যারিস নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন।
আর/আই