জাতীয়

মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

মন খুলে গান গাওয়া গেলেও পরীক্ষার খাতায় ইচ্ছেমতো নম্বর দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ কমে যাওয়ার বিষয়ে শিক্ষকদের খাতা মূল্যায়ন কঠোর হয়েছে কি না—এমন প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেওয়া যায় না।’

চলতি বছরের ফলাফলকে বস্তুনিষ্ঠ ও সুন্দর উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আপনি খারাপ ফল বলছেন কেন? ফল তো সুন্দর হয়েছে।’

এদিকে কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীদের জন্য পুনঃনিরীক্ষণের প্রক্রিয়ায় পরিবর্তনের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, এবার পুনঃনিরীক্ষণের আবেদন করা হলে সংশ্লিষ্ট উত্তরপত্র সম্পূর্ণভাবে আবার পরীক্ষা করা হবে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা বোর্ডের ১৯৯৮ সালের আইনে উত্তরপত্র পুনর্মূল্যায়ন বা বিস্তারিতভাবে পরিদর্শনের সুযোগ ছিল না। সেই প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। এখন পুনঃনিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের খাতা পুরোপুরি পুনরায় দেখা হবে। মূল্যায়নে কোনো ভুল, ত্রুটি বা বিচ্যুতি পাওয়া গেলে তা সংশোধন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফল অনুযায়ী, এবার সারাদেশে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

অন্যদিকে, ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #শিক্ষামন্ত্রী #ড. আ ন ম এহছানুল হক মিলন #গান #নম্বর