আন্তর্জাতিক

বাংলাদেশ ভ্রমণে কানাডা সরকারের উচ্চমাত্রার সতর্কতা জারি

বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের উচ্চমাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কানাডা সরকার। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বিচারিক কার্যক্রম ও রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে বিক্ষোভ, সংঘর্ষ এবং জনঅস্থিরতার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) কানাডা সরকারের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে বাংলাদেশ নিয়ে প্রকাশিত সর্বশেষ ভ্রমণ সতর্কতায় এসব নির্দেশনা দেওয়া হয়। এর আগে গেল বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরে বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছিল কানাডা।

সতর্কবার্তায় বলা হয়েছে, রাজনৈতিক উত্তেজনা, বিভিন্ন বিচারিক কার্যক্রম এবং রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশে যেকোনো সময় বিক্ষোভ, সংঘর্ষ ও অস্থিরতা তৈরি হতে পারে। এ কারণে দেশটিতে অবস্থানরত কানাডীয় নাগরিকদের বড় ধরনের জমায়েত ও বিক্ষোভ থেকে দূরে থাকতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে আরও কঠোর সতর্কতা জারি করেছে কানাডা সরকার। নাগরিকদের এই অঞ্চলে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় পার্বত্য এলাকায় রাজনৈতিক সহিংসতা, সংঘর্ষ ও অপহরণের ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশে অবস্থানরত কানাডীয় নাগরিকদের স্থানীয় সংবাদমাধ্যমের খবর নিয়মিত অনুসরণ করতে এবং নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ভ্রমণের আগে কানাডা সরকারের সর্বশেষ ভ্রমণ পরামর্শ যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ #বাংলাদেশ ভ্রমণ #কানাডা