দেশজুড়ে

শ্রমিকের মৃত্যুর ঘটনায় সেই শিপইয়ার্ডে ভাঙচুর , সেনাবাহিনী মোতায়েন

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে অন্তত ৯ জনের মৃত্যু ও বিষাক্ত গ্যাসে অসুস্থ হওয়ার ঘটনায় ক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয়রা শিপইয়ার্ডে ভাঙচুর চালিয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, বিষাক্ত গ্যাসের কারণে ইয়ার্ডের ভেতরে স্বজন ও প্রতিবেশীদের মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ইয়ার্ডে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

স্থানীয়রা আরও জানান, গ্যাসের তীব্রতা এতটাই  ছিল যে সমুদ্র থেকে ইলিশ শিকার শেষে ফেরার সময় জেলেরা ইয়ার্ডসংলগ্ন খালে ঢুকতে পারেননি। পরে তীব্র গন্ধ এড়িয়ে প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে নৌকা ভেড়াতে হয় তাদের।

ওসি মো. মহিনুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১৪ আগস্ট সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের ট্যাংকার থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে নয় শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম #শিপইয়ার্ড #বিষাক্ত গ্যাস