দেশজুড়ে

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা করে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিপ ব্রেকারর্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)। একইসাথে কারখানাটির কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৪ আগস্ট) বিকালে বিএসআরবি’র মহাপরিচালক (ডিজি) শফিউল আলম তালুকদার এ সংক্রান্ত আদেশ জারি করেন।  

নিহত ৯ শ্রমিকের মধ্যে ৭ জনের নাম জানা গেছে। তারা হলেন- সানি দাস (২২), পলাশ দাস (২৭), হাবিবুর রহমান (৫০) এবং দুই ভাই মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮), গাইবান্ধার বাসিন্দা খোকন (৪০) ও রানা (২৭)।

শুক্রবার সকালে ইয়ার্ডের একটি এলএনজি জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রথমে সাতজনকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়ায়। এছাড়া আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিএসবিআরএ’র পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম #শিপ ইয়ার্ড #ক্ষতিপূরণ