আন্তর্জাতিক

হরমুজে নিজেদের অধিকার নিয়ে অনড় ইরান

আন্তর্জাতিক ডেস্ক

পারস্য উপসাগর, হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে নিজেদের ‘সার্বভৌম অধিকার’ রয়েছে বলে আবারও স্পষ্ট করেছে ইরান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এসব অঞ্চলে ইরানের অধিকার সংক্রান্ত বিষয়গুলো বিদ্যমান আইনেই অন্তর্ভুক্ত রয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আঞ্চলিক অধিকার নিয়ে আইন প্রণয়নের ক্ষেত্রে ইরানের সংসদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি জানান, পরিস্থিতি ও বিদ্যমান আইন বিবেচনায় নিয়ে এ বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে। সংবিধান অনুযায়ী সংসদের অবস্থানও স্পষ্ট বলে উল্লেখ করেন তিনি।

বাঘাই বলেন, আইন প্রণয়নের পুরো প্রক্রিয়ায় প্রয়োজন অনুযায়ী সংসদের সঙ্গে সহযোগিতা করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের অংশ।

হরমুজ প্রণালি ও সংশ্লিষ্ট অঞ্চলে ইরানের অধিকার নিয়ে একটি প্রস্তাবিত আইনের বিষয়ে এরই মধ্যে মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ মতামত সংসদকে দেওয়া হয়েছে বলেও জানান বাঘাই। আইনপ্রণেতারা চাইলে এ বিষয়ে আবারও প্রয়োজনীয় মতামত দেওয়া হবে বলে জানান তিনি।

হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই তেহরানের পক্ষ থেকে নিজেদের সার্বভৌম অধিকারের বিষয়টি আবারও সামনে আনা হলো। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পরিবহন হওয়ায় এর নিরাপত্তা ও চলাচল নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ রয়েছে।

 

সূত্র: আল জাজিরা

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #পারস্য উপসাগর #হরমুজ প্রণালি #ইরান