কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বর্তমানে ইরাক সফরে রয়েছেন। তার এই সফরের মধ্যেই ইরাকের তেলবাহী ট্যাংকারগুলোকে হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত এলো।
প্রতিবেদন অনুযায়ী, ইরাকের পার্লামেন্টের স্পিকার হাইবাত আল-হালবুসি দেশের অর্থনৈতিক স্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে গালিবাফের কাছে বিশেষ অনুমতির অনুরোধ জানিয়েছিলেন। ইরাকের পক্ষ থেকে করা ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই ইরান ট্যাংকার চলাচলে সম্মতি দিয়েছে।
তবে ঠিক কতটি তেলবাহী ট্যাংকারকে এই অনুমতি দেওয়া হয়েছে, কখন থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে কিংবা অনুমতির মেয়াদ কতদিন—এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে ইরাকের তেলবাহী ট্যাংকারকে এই পথে চলাচলের অনুমতি দেওয়ার বিষয়টি আঞ্চলিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।
এসি//