নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৫ জনে পৌঁছেছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। দুর্গম বিভিন্ন এলাকায় এখনো উদ্ধার তৎপরতা চলছে এবং নিখোঁজদের সন্ধান করা হচ্ছে।
বুধবার (২৬ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, এখনো ৪০৩ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে ৬১ জন নেপালের নাগরিক এবং ৩৪১ জন বিদেশি। তাদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ রয়েছেন।
পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজ বিদেশিরা ২৬টি দেশের নাগরিক। তাদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন।
ট্যুর অপারেটরদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বোর্ড জানিয়েছে, নিখোঁজদের বড় একটি অংশ ভারত-নেপাল সীমান্তের কাছে মানস সরোবরের দিকে যাচ্ছিলো।
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি রাসুয়া জেলার ভোটেকোশি নদীর তীরবর্তী অঞ্চল। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সেখান থেকে এখন পর্যন্ত ১১৪ জনকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার অভিযানে নেপাল সেনাবাহিনীও অংশ নিয়েছে। বিভিন্ন ফ্লাইটের মাধ্যমে ৮০ জনের বেশি মানুষকে উদ্ধার করেছে তারা। পাশাপাশি বেসরকারি হেলিকপ্টার কোম্পানির সহায়তায় আরও ২৯ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
তবে দুর্গম এলাকা ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজে নানা বাধার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভূমিধস ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।
আকস্মিক বন্যায় সড়ক, সেতু, বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দলগুলোর অভিযান অব্যাহত রয়েছে।
এমএ//