দেশজুড়ে

পুলিশের ধাওয়ায় পুকুরে মাইক্রোবাস, ভেসে উঠল ৯ বস্তা গাঁজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী একটি মাইক্রোবাস। পরে ক্রেন দিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশ। এ সময় গাড়ি থেকে ভেসে ওঠা নয় বস্তা গাঁজাও উদ্ধার করা হয়। তবে ঘটনায় জড়িত চালক ও পাচারকারীরা পালিয়ে গেছে।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে উদ্ধার করা মাইক্রোবাস ও গাঁজা থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ জানায়, বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের খবর পেয়ে ভোরে সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি কালো মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হলে চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। পুলিশ তখন গাড়িটিকে ধাওয়া করে।

পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাসটি কসবা-সৈয়দাবাদ সড়ক থেকে আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়ে। পরে খিদিরপুর এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

মাইক্রোবাসটি পুকুরে পড়ার পর এতে থাকা চালক ও গাঁজা পাচারকারীরা সাঁতরে পালিয়ে যায়। এ সময় গাড়িতে থাকা গাঁজার প্যাকেট পানিতে ভেসে উঠতে দেখে পুলিশ। পরে ক্রেনের সহায়তায় মাইক্রোবাসটি পুকুর থেকে তোলা হয় এবং ভাসমান অবস্থায় নয় বস্তা গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাইক্রোবাসটির নম্বর ঢাকা মেট্রো-চ-১৯-০৭৪০।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, গাঁজা পাচারের খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় মাইক্রোবাসটি খিদিরপুর এলাকায় পুকুরে পড়ে যায়। পরে ক্রেন দিয়ে গাড়িটি এবং নয় বস্তা গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাহ্মণবাড়িয়া #গাঁজা