দেশজুড়ে

ডাক্তার না হয়েও দিচ্ছেন প্রেসক্রিপশন, গর্ভের সন্তান মারা যাওয়ার অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে চিকিৎসক না হয়েও পদার্থবিজ্ঞানে পড়াশোনা করা রোকসানা আক্তারের বিরুদ্ধে রোগীদের প্রেসক্রিপশন লিখে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ধরনের ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে। এরই মধ্যে সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ দেওয়ার পর তার গর্ভের সন্তান মারা গেছে বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) অভিযুক্ত রোকসানা আক্তার নিজেই রোগীদের প্রেসক্রিপশন লেখার বিষয়টি স্বীকার করেন। এ সময় তিনি দাবি করেন, ওষুধ লেখার অনুমতি রয়েছে তার।

স্থানীয়রা জানায়, গত ১৪ আগস্ট একই এলাকার মিজানুরের সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শারমিন আক্তার জগদল বাজারে অবস্থিত মাতৃসেবা ফার্মেসী গেলে রোকসানা আক্তার তাকে অ্যান্টিবায়োটিকসহ কয়েক ধরনের ওষুধ লিখে দেন। ওষুধ সেবনের পর ওই নারীর গর্ভের সন্তান মারা যায় বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর স্বামী মিজানুর রহমানের দাবি, চিকিৎসক না হয়েও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা অন্তঃসত্ত্বা নারীকে এভাবে ওষুধ দেওয়ার কারণেই তার গর্ভের সন্তানটির মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দা একরামুল হক জানান, চিকিৎসকের পরামর্শ ছাড়া রোগীদের প্রেসক্রিপশন দেওয়া ও অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ বিক্রির বিষয়টি নিয়মিতভাবে তদারকি করা প্রয়োজন। বিশেষ করে গর্ভবতী রোগীদের ক্ষেত্রে এ ধরনের কর্মকাণ্ড আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, চিকিৎসক না হলে এ ধরনের ওষুধ লেখার কোনো সুযোগ নেই। এ বিষয়ে অভিযোগ করা হলে ব্যবস্থা নেওয়া হবে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #পঞ্চগড় #ভুয়া চিকিৎসক #অন্তঃসত্ত্বা