আন্তর্জাতিক

হরমুজ প্রণালির দক্ষিণে আরও নৌ মাইন বসাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের খাতাম আল-আনবিয়া প্রধান ইব্রাহিম জোলফাগারি ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নেওয়ার মার্কিন দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে প্রণালিটির দক্ষিণ অংশে আরও নৌ মাইন স্থাপনের তথ্য জানিয়েছে ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটির মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এ তথ্য জানান।

তিনি বলেন, গত রাতে পরিচালিত অভিযানে হরমুজ প্রণালির দক্ষিণ অংশের অবৈধ রুটগুলোতে অতিরিক্ত নৌ মাইন স্থাপন করা হয়েছে।

এ সময় হরমুজ প্রণালিকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবিরও কড়া সমালোচনা করেন জোলফাগারি।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জলপথটিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দেখিয়ে প্রকাশ করা মানচিত্র ও ছবির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এর জবাবে যুক্তরাষ্ট্রের সেন্টকম শুধু ফটোশপের মাধ্যমে প্রণালিটির নাম পরিবর্তন করতে পেরেছে।

ব্যঙ্গাত্মকভাবে তিনি আরও বলেন, ‘সমস্যার সমাধান হয়ে গেছে! এখন থেকে তেলবাহী জাহাজগুলো পার করার জন্যও আপনারা ফটোশপ ব্যবহার করতে পারেন!’

ইরানের এই বক্তব্যের মধ্য দিয়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের দাবির বিপরীতে তেহরানের অবস্থান আরও স্পষ্ট হলো। একই সঙ্গে প্রণালিটির দক্ষিণ অংশে নতুন করে মাইন স্থাপনের তথ্য জানিয়ে নৌপথটিতে উত্তেজনার নতুন মাত্রার ইঙ্গিত দিয়েছে ইরান।

সূত্র: মিডল ইস্ট আই

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #হরমুজ প্রণালি