একটি বিশেষ চক্র ও চক্রান্তকারীরা দেশে বারবার ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে দেশের মানুষের পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও বন্ধন কোনো ষড়যন্ত্রেই নষ্ট হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতাদের সঙ্গে নিয়ে দুই প্রয়াত নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির এই নেতা।
রুহুল কবির রিজভী বলেন, দেশের সংখ্যালঘু ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বিষয়গুলো যথাযথভাবে দেখভাল এবং তাদের উন্নয়নের লক্ষ্যেই বিভিন্ন ট্রাস্ট ও কল্যাণ সংগঠন গড়ে তোলা হয়েছিল।
তিনি বলেন, জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম ভিত্তি হচ্ছে দেশের সব শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের মানুষের অধিকার নিশ্চিত করা। একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক দল হিসেবে বিএনপি সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করেছে।
রিজভী আরও বলেন, দেশে বহুদলীয় ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ধারার যে ভিত্তি তৈরি হয়েছে, সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করে গেছেন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত সবাই প্রয়াত নেতাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে নীরবতা পালন করা হয়।
এসি//