পাবনার ঈশ্বরদীর পাকশীতে পদ্মা নদীতে হার্ডিঞ্জ ব্রিজের একটি পিলারে ইঞ্জিনচালিত ট্রলারের ধাক্কায় তিনজন নদীতে পড়ে যান। তাদের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হলেও মো. রকি (২২) নামে এক যুবক এখনো নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা থেকে একটি দল ট্রলারে করে রাজশাহীতে পিকনিকে গিয়েছিল। ফেরার পথে পাকশীর পদ্মা নদীতে হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে ট্রলারটির সংঘর্ষ হয়। এতে তিনজন নদীতে পড়ে যান।
দুর্ঘটনার খবর পেয়ে লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে মো. লিটন (৩৮) ও মো. ওয়াহাব (৪৫)কে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে রকির কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ রকি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকার মৃত হাসান আলীর ছেলে। উদ্ধার হওয়া লিটন একই এলাকার বিদ্যুতের ছেলে। আর ওয়াহাব কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়া এলাকার বাসিন্দা।
লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম বলেন, ট্রলার থেকে পড়ে তিনজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রকিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এমএ//