জাতীয়

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

দেশীয় উদ্ভাবনকে গবেষণাগার থেকে বাণিজ্যিক উৎপাদনে নিয়ে যাওয়ার পাশাপাশি সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন করেন তিনি।

‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্য নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হয়েছে এবারের মেলা। এতে দেশীয় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষাপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মেলায় সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন উদ্যোগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন ও সম্ভাবনাময় উদ্ভাবন এতে প্রদর্শিত হচ্ছে।

আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত নতুন প্রযুক্তি ও সম্ভাবনাময় ধারণা তৈরি হলেও নীতিগত সহায়তা, প্রাথমিক অর্থায়ন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার অভাবে অনেক উদ্ভাবন বাজার পর্যন্ত পৌঁছাতে পারে না। উদ্ভাবকদের এসব বাধা দূর করার পাশাপাশি মেধাস্বত্বের সুরক্ষা নিশ্চিত করা এবং উদ্ভাবনকে বাণিজ্যিকভাবে সম্প্রসারণের সুযোগ তৈরি করাই মেলার অন্যতম প্রধান লক্ষ্য।

মেলার দ্বিতীয় দিনে স্বাস্থ্যসেবা খাতকে কেন্দ্র করে একটি বিশেষ আন্তর্জাতিক অধিবেশন অনুষ্ঠিত হবে। ‘সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন: সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক এই অধিবেশনে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কম খরচে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হবে।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মেলায় কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, পেটেন্ট, নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর এবং ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আর কারিগরি অংশীদার হিসেবে যুক্ত রয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি।

গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে বিনিয়োগ ও বাজারের সংযোগ তৈরি করে দেশীয় প্রযুক্তি ও নতুন ধারণাকে বাণিজ্যিকভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এবারের আয়োজনকে গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

সূত্র: বাসস

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী তারেক রহমান #বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬