দুর্গাপূজা এলেই বাংলাদেশের পদ্মার ইলিশের চাহিদা বেড়ে যায় ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায়। উৎসবকে সামনে রেখে এবারও বাংলাদেশ থেকে ইলিশ আমদানির সুযোগ চেয়েছেন ভারতের মাছ আমদানিকারকরা। এ জন্য ইলিশ রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে পাঠানো ওই চিঠিতে পুনরায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার আবেদন জানানো হয়।
চিঠিতে সংগঠনটি জানায়, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে তারা নিয়মিত বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে আসছে। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর থেকেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন তারা।
আমদানিকারকদের চিঠিতে আরও বলা হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে মাত্র এক মাসের জন্য বিশেষভাবে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে। তবে এই সীমিত সময়ের অনুমতি ব্যবসায়িকভাবে প্রত্যাশিত ফল আনতে পারছে না।
দুই বাংলার ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের দীর্ঘদিনের অভিন্ন ঐতিহ্যের কথাও চিঠিতে তুলে ধরেছেন ভারতের আমদানিকারকরা।
তারা বলেন, পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম ও ত্রিপুরার মানুষের কাছেও পদ্মার ইলিশ অত্যন্ত জনপ্রিয় খাবার।
সব দিক বিবেচনা করে ইলিশ রপ্তানির ওপর থেকে স্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এমন সিদ্ধান্ত নেওয়া হলে ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ থাকবে বলেও চিঠিতে আশা প্রকাশ করা হয়।
সূত্র: এএনআই
এসি//