সম্পত্তির হিস্যা দাবি করে না পেয়ে দাদা-দাদির থাকার ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে গিটিস নকরেক নামে এক গারো যুবকের বিরুদ্ধে। রোববার (১২ সেপ্টেম্বর) ভোররাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পাহাড়ি জনপদ ধরাটি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, তিনি ঘটনাটি সম্পর্কে জেনেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গিটিস নকরেকের আত্মীয় ও ধরাটি গ্রামের বাসিন্দা অবিনাশ নকরেক জানান, গারো সম্প্রদায়ের প্রচলিত সাংস্কৃতিক রীতি অনুযায়ী পরিবারে সম্পত্তির মালিকানা মায়ের হাতে থাকে। গিটিসের মা শাপলী নকরেক প্রায় এক যুগ আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে যান। তার তিন মেয়ে বর্তমানে ঢাকায় থাকেন। আর বাড়িতে থাকেন গিটিসের বৃদ্ধ দাদা-দাদি সনেন্দ্র চিরান ও সীতা নকরেক।
অবিনাশ নকরেকের দেওয়া তথ্য অনুযায়ী, গিটিস স্থানীয় একটি উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেছিলেন। তবে নেশাগ্রস্ত হয়ে পড়ায় তিনি পরীক্ষায় অংশ নেননি। কয়েক দিন ধরে মায়ের সম্পত্তির অংশ তার নামে লিখে দেওয়ার জন্য দাদা-দাদির ওপর চাপ দিয়ে আসছিলেন গিটিস।
তবে গারো ভূমি আইন অনুযায়ী তিনি মায়ের সম্পত্তির অংশ পাবেন না বলে দাদা-দাদি তাকে জানিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে রোববার ভোররাতে গিটিস দাদা-দাদিকে মারধর করে ঘর থেকে বের করে দেন এবং পরে ঘরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেন অবিনাশ নকরেক।
আগুনে ঘরে থাকা ধান-চাল, কাপড়চোপড়, বাসনকোসন ও আসবাবপত্র পুড়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এসি//