স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ নিয়ে নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সঙ্গে সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রতিমন্ত্রী। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানও উপস্থিত ছিলেন।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো শর্ত নেই। তবে এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, সেটি আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালাসহ সংশ্লিষ্ট বিধিবিধান পর্যালোচনা করে নির্বাচন কমিশন নির্ধারণ করবে।
তিনি জানান, এ বিষয়ে আইনগত মতামত বা ব্যাখ্যার প্রয়োজন হলে নির্বাচন কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে বিষয়টি পাঠাতে পারে। তখন আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যাখ্যা দেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
প্রার্থী হওয়ার যোগ্যতা বা অযোগ্যতা নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিয়ে জামায়াত যদি সরকারের ওপর কোনো দায় চাপায়, তা গ্রহণযোগ্য হবে না। কারণ সংসদে সংশ্লিষ্ট বিল পাসের সময় তারাও উপস্থিত ছিল।
এদিকে বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে সুইজারল্যান্ডের সম্পর্ক আরও জোরদার করার আগ্রহের কথা জানানো হয়েছে।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি বলেন, বৈঠকে স্থানীয় উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এসি//