দেশজুড়ে

২০ কেজি গাঁজা সহ তিনজনকে আটক করেছে র‍্যাব

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে ২০কেজি গাঁজা জব্দ করেছে র‍্যাব-১৪। এ সময় নারীসহ তিন কারবারি কে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার উচিতপুর বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন করিম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ধজনগর গ্রামের মিলন মিয়ার মেয়ে সালমা আক্তার (৩৪), একই এলাকার চাঁন মিয়ার মেয়ে মিনা বেগম (৪৬) ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার লালপুর গ্রামের আলী আজমের ছেলে মোঃ হৃদয় হাসান (২৪)।

মামলার এজহার সূত্রে জানা যায়, মঙ্গলবার নৌপথে এসে উচিতপুর ট্রলার ঘাটে নেমে  নেত্রকোনার দিকে রওনা দেন মাদক কারবারিরা। এদিকে গোপন সংবাদ পেয়ে য়মনসিংহ র‍্যাব-১৪ সকালে এসে উচিতপুর অবস্থান নেন। এ সময়, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের তল্লাশি চালিয়ে সালমা আক্তারের সাথে থাকা একটি ট্রাভেল ট্রলি ব্যাগ থেকে চারটি প্যাকেটে ১০কেজি গাঁজা, হৃদয় হাসানের কাছ থেকে একটি বাজারের ব্যাগে তিনটি প্যাকেট সাড়ে ৭কেজি গাঁজা ও মিনা বেগমের কাছে থাকা একটি স্কুল ব্যাগ থেকে আড়াই কেজি গাঁজা পাওয়া যায়। পরে এগুলো জব্দ করে মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ‍পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওসি সালাউদ্দীন করিম জানান, গাঁজাসহ তিন জনকে আটক করে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর একটি অভিযানিক দল। পরে র‍্যাব-১৪ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বুধবার মদন থানা পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করেন।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #নেত্রকোনা #গাঁজা #জব্দ #নারী