ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় ৩ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সালে এই রুটে বৈদ্যুতিক ট্রেন চলাচল শুরু হতে পারে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেকের সভায় প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।
একই বৈঠকে রাজধানীর গণপরিবহন ব্যবস্থার সম্প্রসারণে আরও তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রকল্পগুলো হলো—এমআরটি লাইন-১-এর বিমানবন্দর-কমলাপুর অংশ, এমআরটি লাইন-৫-এর উত্তরাংশে হেমায়েতপুর-ভাটারা এবং দক্ষিণাংশে গাবতলী-দাশেরকান্দি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই তিনটি মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা।
এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫-এর উত্তরাংশের সংশোধিত ব্যয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আর এশীয় উন্নয়ন ব্যাংক ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে বাস্তবায়ন করা হবে এমআরটি লাইন-৫-এর দক্ষিণাংশের নতুন প্রকল্পটি।
একনেকের অনুমোদনের ফলে ঢাকা ও আশপাশের এলাকার রেল ও গণপরিবহন ব্যবস্থার সম্প্রসারণে নতুন করে কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়নের পথ খুলল।
এসি//