মাঠে নামার প্রস্তুতি ছিল, অপেক্ষা ছিল টসের। কিন্তু শেষ পর্যন্ত বলই গড়াল না মাঠে। জাপানের নাগোয়ায় টানা বৃষ্টিতে ভেজা মাঠের কারণে চীনের বিপক্ষে বাংলাদেশের নারী ক্রিকেট দলের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। আর তাতেই কোনো বল না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। সকালে নতুন করে বৃষ্টি না হলেও আগের কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাব কাটেনি মাঠ থেকে। খেলার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মাঠ প্রস্তুত করা সম্ভব হয়নি। ফলে টসও করা যায়নি।
মাঠের পরিস্থিতি যাচাই করতে একবার নয়, তিন দফায় পরিদর্শনে যান আম্পায়াররা। প্রতিবারই দেখা যায়, খেলা আয়োজনের মতো অবস্থায় নেই মাঠ। দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
তবে ম্যাচ বাতিল হলেও হতাশ হতে হয়নি বাংলাদেশকে।
এশিয়ান গেমসের ক্রিকেটের নিয়ম অনুযায়ী, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরও সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ। ফলে চীনের বিপক্ষে ব্যাট-বলের লড়াই ছাড়াই শেষ চারে উঠে গেল জ্যোতির দল।
এটি অবশ্য প্রথমবার নয়। ২০২২ সালের হাংজু এশিয়ান গেমসেও বৈরী আবহাওয়া ও মাঠের পরিস্থিতির কারণে একই নিয়ম প্রয়োগ করা হয়েছিল।
বাংলাদেশের জন্য বৃহস্পতিবারের দিনটি শুধু ক্রিকেটেই নয়, ফুটবলেও গুরুত্বপূর্ণ। নারী ফুটবল দল ওসাকায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে। বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছিল সাবিনা খাতুনের দল। তাই পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে বাংলাদেশের।
এবারের এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর হলেও ক্রিকেটের লড়াই শুরু হয়েছে তার আগেই, ১৭ সেপ্টেম্বর থেকে। নাগোয়ায় সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকায় বাংলাদেশের ম্যাচ নিয়েও আগে থেকেই শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। বৈরী আবহাওয়ার কারণে ম্যাচের আগে পূর্ণাঙ্গ অনুশীলনও করতে পারেনি বাংলাদেশের নারী ক্রিকেট দল।
তবে ম্যাচ না খেলেই সেমিফাইনালে ওঠার সুযোগটা কাজে লাগিয়ে এবার শেষ চারের লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়াই বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এসি//