অর্থনীতি

আবারও বাড়ল সিগারেটের দাম

বায়ান্ন প্রতিবেদন

দেশে কম দামের বা নিম্নস্তরের সিগারেটের দাম আবারও বাড়ানো হয়েছে। এখন এই স্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করেছে সরকার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের সই করা এক প্রজ্ঞাপনে নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়।

তবে সিগারেটের অন্য স্তরগুলোর দাম অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন নির্ধারিত দামে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ২১০ টাকা বা তার বেশি বহাল থাকছে।

সম্প্রতি নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা। এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেও সব ধরনের সিগারেটের দাম বাড়ানো হয়েছিল।

বাজেটে নিম্নস্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়। এবার এর সঙ্গে আরও ৩ টাকা যোগ হওয়ায় এই স্তরের সর্বনিম্ন দাম দাঁড়াল ৬৫ টাকা।

অন্যদিকে, বাজেটে মধ্যম স্তরের সিগারেটের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা করা হয়েছিল। উচ্চ স্তরের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং অতি-উচ্চ বা প্রিমিয়াম স্তরের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়।

নতুন প্রজ্ঞাপনের ফলে নিম্নস্তরের সিগারেটের দাম আরও বাড়লেও মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরের নির্ধারিত দাম অপরিবর্তিত থাকছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সিগারেট #দাম