ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় সৌদি আরব ২৬টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুতিরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শুক্রবার হুতিদের পক্ষ থেকে দাবি করা হয়, গেল এক সপ্তাহে সৌদি বাহিনী তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে প্রায় ৩০০টি হামলা চালিয়েছে। এসব হামলায় হুতিদের বিভিন্ন অবস্থান লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটির।
অন্যদিকে, সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ এলাকায় সংঘর্ষে ৩০ হুতি যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি। চলতি সপ্তাহে ইয়েমেনের কয়েকটি এলাকায় সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে লড়াই আরও তীব্র হয়েছে।
এদিকে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যেই শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় বড় ধরনের বিক্ষোভ হয়েছে। ইরান-সমর্থিত হুতিদের প্রতি সমর্থন জানিয়ে এবং সৌদি আরবের বিরুদ্ধে স্লোগান দিয়ে এতে কয়েক হাজার মানুষ অংশ নেন।
সাম্প্রতিক সময়ে হুতিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালিও রয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে দুই পক্ষের সংঘর্ষ ও হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে উভয় পক্ষের সূত্রে জানা গেছে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।
সৌদি আরব জানিয়েছে, হুতিদের একটি ড্রোন প্রতিহত করার পর তাইফ গভর্নরেটে একজন নিহত হয়েছেন। অন্যদিকে হুতি-সমর্থিত গণমাধ্যমের দাবি, তাইজ ও আবস শহরে সৌদি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।
এমএ//