দেশজুড়ে

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

জমির বিরোধের জেরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভোলার দৌলতখান উপজেলায়  দুই পক্ষের সংঘর্সে রাসু (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।  এ ঘটনায় আগেই পুলিশ হেফাজতে থাকা ২ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নজির বেপারী বাড়ির বাসিন্দা মামলার এক নম্বর আসামি মো. কাশেম (৫৫) ও দুই নম্বর আসামি কাশেমের স্ত্রী রাজিয়া বেগম (৫০)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাতে নিহত মমতাজ বেগমের মেয়ে রুবিনা বেগম বাদী হয়ে ৫ জনকে আসামি করে দৌলতখান থানায় হত্যা মামলাটি করেন। আজ (১৯ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মমতাজ বেগমের দেবর বজলু বেপারীর ছেলে মাইনুদ্দিন জমি-সংক্রান্ত একটি বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে রাত ৮টার দিকে পাশের বাড়ির কাশেম, তার ছেলে ইকবাল, স্ত্রী রাজিয়া বেগম ও নিহতের দেবর বজলুর মধ্যে কথা-কাটাকাটি ও সংঘর্ষ হয়। এ সময় রাসু বেগম সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়।  পরে রাত ২টার দিকে আহত অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি মো. ফখরুল ইসলাম বলেন, মামলাটির তদন্ত এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ভোলা #পিটিয়ে হত্যা