ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করেছে সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনী। দেশটির তাইজ প্রদেশের বিভিন্ন এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে তীব্র লড়াই চলছে।
ইয়েমেনের সেনাবাহিনীর দাবি, গেল ২৪ ঘণ্টায় সংঘর্ষ ও বিমান হামলায় অন্তত ৩০ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনের বেশি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মিডিয়া সেন্টার জানিয়েছে, সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় হুথিদের বেশ কয়েকটি যানবাহন ও অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
তবে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গেল ২৪ ঘণ্টার লড়াইয়ে উভয় পক্ষের ৬৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে হুথিদের সামরিক সূত্রের দাবি, সৌদি বিমান হামলা ও স্থলযুদ্ধে তাদের ৪০ জন যোদ্ধা নিহত হয়েছেন।
এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার ভোররাতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানীতে বিমান হামলার সতর্কবার্তা জারির পরপরই এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
সতর্কবার্তা জারির কিছুক্ষণ পর এএফপির সাংবাদিকেরা রিয়াদে দুটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পান। এর প্রায় আধা ঘণ্টা পর সতর্কবার্তাটি প্রত্যাহার করা হয়।
এমএ//