রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাজুড়ে মুষলধারে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিনে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টা থেকে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার পর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এরপর সকাল সোয়া ৭টা থেকে শুরু হয় তুমুল বৃষ্টি।
ভ্যাপসা গরমের মধ্যে ঝুম বৃষ্টিতে স্বস্তি ফিরলেও দিনের শুরুতেই ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী-অভিভাবকসহ কর্মস্থল ও প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হওয়া মানুষ।
ভোরের বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক ও এলাকায় পানি জমে যাওয়ায় চলাচলে দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে দীর্ঘ সময়ের গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী।
এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছিল, আজ রোববার দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে এবং রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আর/আই