নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার পরিবর্তে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) আহমেদ পেয়ার।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনা ঘটে। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
এ ছাড়া উপজেলার বাতানিয়া গ্রামে আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসি আবদুর রহিম সরকার অংশ নিয়েছেন—এমন অভিযোগও ওঠে।
ওসি প্রত্যাহারের পর বর্তমানে থানার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন জানান, শনিবার সন্ধ্যায় আবদুর রহিম সরকার প্রত্যাহারের আদেশ পেয়ে থানা থেকে চলে যান। তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন।
এদিকে বটতলা এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় শনিবার সেনবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানান, একজনের বাড়িতে গিয়ে দাওয়াতে অংশ নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে এখনো তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি।
এসি//