ইয়েমেনের হুতিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সীমিত সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। এর অংশ হিসেবে সৌদি যুদ্ধবিমানকে আকাশে জ্বালানি সরবরাহ করবে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সিদ্ধান্তের কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।
বার্নহাম বলেন, সৌদি আরব সামরিক সহায়তার অনুরোধ জানিয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পরামর্শের পর সৌদি যুদ্ধবিমানকে ‘প্রতিরক্ষামূলক’ অভিযানে আকাশপথে জ্বালানি সরবরাহের অনুমোদন দিয়েছেন তিনি।
এই সহায়তা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হবে জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হবে।
বার্নহাম বলেন, ব্রিটেনের স্বার্থ এবং বৃহত্তর অঞ্চলের নিরাপত্তা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরব হামলার মুখে রয়েছে এবং তেল সরবরাহের গুরুত্বপূর্ণ পথগুলো সচল রাখা প্রয়োজন বলেও জানান তিনি।
ব্রিটিশ সংবাদ সংস্থা পিএ জানিয়েছে, যুক্তরাজ্যের সহায়তা সৌদি যুদ্ধবিমানকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় সহায়তা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। হুতিদের ওপর হামলা চালাতে সৌদি বাহিনীকে সহায়তা করবে না ব্রিটেন।
ব্রিটিশ কর্মকর্তাদের বরাতে পিএ আরও জানায়, আগামী কয়েক দিনের মধ্যেই এই কার্যক্রম শুরু হতে পারে। এ জন্য একটি আরএএফ ভয়েজার বিমান প্রতিরক্ষামূলক অভিযানে থাকা সৌদি যুদ্ধবিমানগুলোকে আকাশে জ্বালানি সরবরাহ করবে।
দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্য ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে। সৌদি আরবের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারীও যুক্তরাজ্য।
এর আগে চলতি বছরের শুরুতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে সৌদি আরবকে সুরক্ষা দিতে দেশটিতে ব্রিটিশ ‘স্কাই সাবর’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল।
এমএ//