আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরাইলে পরিবর্তন শুরু হয়েছে: ইরানের বাসিজ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতিতে পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার হোসেইন তাইয়েব। তার দাবি, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো নিজেদের মতো করে সাজানোর যে চেষ্টা যুক্তরাষ্ট্র চালিয়েছে, তা শেষ পর্যন্ত দেশটির জন্যই নানা চ্যালেঞ্জ তৈরি করেছে।

শুক্রবার (৬ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তেহরানে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তাইয়েব। ইরানের সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, তিনি বলেন, ‘আমরা এখন বলছি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলে পরিবর্তন শুরু হয়েছে। শিগগিরই বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব দেখা যাবে।’

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে মার্কিন জীবনধারা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করেছিল ওয়াশিংটন। কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্র নিজ দেশের ভেতরেই বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

যুদ্ধ এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্পীদের বিক্ষোভের প্রসঙ্গও তুলে ধরে তিনি বলেন, এসব প্রতিবাদ মার্কিন নীতির বিরুদ্ধে দেশটির অভ্যন্তরে বাড়তে থাকা অসন্তোষের বহিঃপ্রকাশ।

তাইয়েব আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে যুদ্ধের প্রতি আগ্রহ কমছে। বিদেশে সামরিক অভিযান পরিচালনায় বিপুল অর্থ ব্যয় নিয়েও দেশটির নাগরিকেরা প্রশ্ন তুলতে শুরু করেছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ইসরাইল #ইরান