দেশজুড়ে

লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মাদরাসায় হামলা, ভাঙচুর-লুটপাট

সাভারের আশুলিয়ায় একটি মাদরাসায় ব্যাপক ভাঙচুর ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদরাসাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) আশুলিয়ার শ্রীপুরে অবস্থিত তাহফিযুল কুরআনিল কারিম ফাযিল (স্নাতক) মাদরাসায় এ ঘটনা ঘটে। আশুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৫০ জনের একটি মুখোশধারী দল লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মাদরাসায় প্রবেশ করে। এ সময় তারা মাদরাসার বিভিন্ন স্থাপনা ও আসবাবপত্রে ব্যাপক ভাঙচুর চালায় এবং নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট। এ ঘটনার পর মাদরাসা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদরাসাটিতে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তাহফিযুল কুরআনিল কারিম ফাযিল (স্নাতক) মাদরাসার উপ-পরিচালক সৈয়দ সানজিদ বলেন, মুখোশধারী একদল সন্ত্রাসী মাদরাসায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। কারা এ হামলা চালিয়েছে এবং কী কারণে হামলার ঘটনা ঘটেছে, তা তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #আশুলিয়া #মাদরাসা #ভাঙচুর