দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পরিবর্তন। মাত্র দুই দিনের ব্যবধানেই দ্বিতীয় দফায় কমানো হলো স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনায় কমেছে ২ হাজার ১৫৮ টাকা। ফলে ভ্যাটসহ প্রতি ভরির নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস। সোমবার সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়।
নতুন দরে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম কমেছে ১ হাজার ৮০৮ টাকা। ফলে এই মানের এক ভরি স্বর্ণের গহনার নতুন দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা।
অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনার দামও ১ হাজার ৮০৮ টাকা কমানো হয়েছে। এখন এই মানের স্বর্ণের এক ভরির দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
এর আগে ২৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দাম কমানোয় দুই দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম মোট ৩ হাজার ৮৪৯ টাকা কমেছে।
স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২৯১ টাকা কমিয়ে ৪ হাজার ৩১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২৩৪ টাকা কমিয়ে ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২৩৪ টাকা কমিয়ে ২ হাজার ৭৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এসি//