জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

বায়ান্ন প্রতিবেদন

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।

বিকেল ৩টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেওয়া হয়।

সাক্ষাতে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের মহাসচিব এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক নিয়েও আলোচনা হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জন্য তাকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। তিনি বক্তব্যটিকে দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিকনির্দেশনামূলক হিসেবে উল্লেখ করেন।

রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুগুলোতে বাংলাদেশের অবস্থানও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থান আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

রাষ্ট্রপতি আরও বলেন, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুসংহত করার পাশাপাশি জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে সফরের বিভিন্ন বৈঠক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত করতেও সহায়ক হবে।

সাক্ষাৎকালে জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে আসায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাষ্ট্রপতি #মির্জা ফখরুল ইসলাম আলমগীর #প্রধানমন্ত্রী #তারেক রহমান