জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১)-এর সাইডলাইন বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছে তিনি এ সহযোগিতা কামনা করেন।
বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, অভিবাসন এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন। একই সঙ্গে এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা এ সংকট স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা ও জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠতে পারে।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে জলবায়ু সহযোগিতা, মানবিক সংকট মোকাবিলা, অভিবাসন এবং অর্থনৈতিক অংশীদারিত্ব আরও সম্প্রসারণের ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া এসব ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা জোরদারের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
আই/এ