জাতীয়

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর আরও ঋণ নয়, বরং অনুদান প্রয়োজন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,  ‘জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর আরও ঋণ নয়, বরং অনুদান প্রয়োজন। তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে বাংলাদেশ জলবায়ু মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে।

তিনি বলেন,  ‘আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। একই সঙ্গে নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে।’ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য জরুরি ঋণ ও ত্রাণ সুবিধা চালু, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত এবং সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে হবে।

এছাড়া ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের জন্য কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আন্তালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব করেন তিনি।

জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।’

তিনি বলেন,  ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর অন্যতম। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এ চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্বের অন্যান্য রাষ্ট্রপ্রধানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি, বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী