প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ২০২৪ সালের আন্দোলনকে শুধু কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ দেওয়ার প্রয়োজনীয়তার কথা তিনি তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদের সঙ্গে আলোচনা করেছিলেন। তারেক রহমানের নির্দেশনায় সালাহউদ্দিন আহমদ তখন আন্দোলনের মূল সমন্বয়ের কাজ শুরু করেন।
শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটায় কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা মোলার পাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, একদিকে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করেছেন, অন্যদিকে রাজনৈতিকভাবে কৌশলগত সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর সমন্বয় ছাড়া ৩৬ দিনের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থান সফলভাবে সম্পন্ন হতো কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে নেতাকর্মীরা জানতে চাইলে তিনি বলেন, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান তিনিই করবেন।
তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে আসেন। তাই শহীদ ওয়াসিমের কবরে প্রবেশের প্রধান সড়কটির টেকসই উন্নয়নের উদ্যোগ শিগগিরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গ্রহণ করবেন।
এর আগে সকালে চকরিয়া উপজেলায় বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন রাশেদ খাঁন।
আই/এ