আন্তর্জাতিক

সমকামী ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধুকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পাঞ্জাবের অমৃতসরে সমকামী ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধুকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে গুলি করে পালিয়ে যায়।

পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে অজ্ঞাত দুই ব্যক্তি সান্ধুকে লক্ষ্য করে গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে রাস্তার ওপর পড়ে থাকতে দেখা যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ চলছে। এদিকে সান্ধুর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ম্যাড সান্ধুর পুরো নাম মধুসূদন। মেকআপ, ফ্যাশন ও চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন পডকাস্টে নিয়মিত অতিথি হিসেবে উপস্থিত হতেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিচয় ও সমকামী অধিকার নিয়ে খোলামেলা বক্তব্যও দিতেন।

এ কারণে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হোমোফোবিক ও বিদ্বেষমূলক মন্তব্যের শিকার হয়েছেন সান্ধু। তবে এসব সমালোচনার জবাবে নিজের পরিচয় নিয়ে দৃঢ় অবস্থান বজায় রেখেছিলেন তিনি।

ইনস্টাগ্রাম রিল ও বিভিন্ন ভাইরাল ভিডিওর মাধ্যমে পরে ব্যাপক পরিচিতি পান সান্ধু। পাঞ্জাবি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সান্ধু। ‘ওয়ে ভোলে ওয়ে’ সিরিজসহ কয়েকটি সিনেমায় তাকে দেখা গেছে।

সুত্র: হিন্দুস্তান টাইমস

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ম্যাড সান্ধু #ভারত #হত্যা